নার্সকে নিয়ে আপত্তিকর প্রচারণা ও হেনস্তার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর মন্তব্য ও ভিডিও প্রচার এবং গভীর রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডে প্রবেশ করে কর্তব্যরত নার্সকে হেনস্তার অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন হাসপাতালে কর্মরত নার্সরা।
 
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের কাছে স্মারকলিপি দেয়। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
 
স্মারকলিপিতে বলা হয়, ১ জুলাই গভীর রাতে কয়েকজন বহিরাগত অনুমতি ছাড়া হাসপাতালের মহিলা ওয়ার্ডে প্রবেশ করে রোগীদের ভিডিও ধারণ করেন এবং কর্তব্যরত এক নার্সকে হেনস্তা করেন।
পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নার্সকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে আপত্তিকর, অশ্লীল ও হুমকিমূলক মন্তব্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
 
নার্সদের ভাষ্য, এ ঘটনায় শুধু একজন নার্স নন, পুরো হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা হাসপাতালের নিরাপত্তা জোরদার, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়। গভীর রাতে মহিলা ওয়ার্ডে বহিরাগতদের প্রবেশ করে কর্তব্যরত নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত