নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এর ফলে চলতি নভেম্বরের ২০ দিনে দেশের বাজারে টানা ৮ দফায় স্বর্ণের দাম সবমিলিয়ে ২৮ হাজার ৫১৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

সবশেষ শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এর আগে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ১১ নভেম্বর টানা দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবারও সপ্তম দফায় দেশের বাজারে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয় স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার স্বর্ণের দাম ভরিপ্রতি একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

এদিকে শুক্রবার স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৩৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ১ হাজার ৯২৫ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ৮০ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফায় বাড়ানো হলেও ৪৪ দফায় দাম কমানো হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ১০ বার দাম বাড়ানো হলেও মাত্র ৩ বার কমানো হয়েছিল রুপার দাম।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত