রেললাইনে পানি ওঠায় চট্টগ্রামে আটকা পর্যটক এক্সপ্রেস

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

টানা ভারী বৃষ্টিতে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামে আটকা পড়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ট্রেনটি আর সামনে এগোয়নি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরের ষোলশহর এলাকায় ট্রেনটি থেমে যায়।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে প্রায় ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে পর্যটক এক্সপ্রেস। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটির বেলা ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল।

দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছুদূর এগিয়ে গেলে চালক দেখতে পান রেললাইন পানিতে ডুবে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তিনি ট্রেনটি থামিয়ে দেন। ফলে ট্রেনটি সেখানেই আটকা পড়ে।

ষোলশহর স্টেশনের স্টেশনমাস্টার আরিফুল ইসলাম বলেন, ‘ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে দেওয়া হবে।’

এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নগরীতে ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল।

প্রবল বর্ষণের সঙ্গে জোয়ারের প্রভাবে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও বেড়েছে। অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে, যার ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগও চরমে পৌঁছেছে।

MCH
আরও পড়ুন