টানা কয়েক দিনের জলাবদ্ধতায় বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে কাল রোববার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেললাইন মেরামতের কাজ শেষ হওয়ায় ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও থানার মেডিকেল গেট এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ।
মো. ফারহান মাহমুদ বলেন, ‘রেললাইনে পানি উঠে যাওয়ায় গত বুধবার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ আমরা ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছি। যেখানে কিছু সমস্যা ছিল, সেগুলোর মেরামতের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার থেকে ট্রেন চলাচল শুরু করা যাবে।’
ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত বুধবার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। নিরাপত্তার স্বার্থে কয়েকটি ট্রেনের চলাচল স্থগিত করে রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানায়, জলাবদ্ধতার কারণে মোট চারটি ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস-এর যাত্রা পুরোপুরি বাতিল করা হয়। এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস-এর চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশের যাত্রা বাতিল করে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেয় রেলওয়ে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, রেললাইন নিরাপদ রয়েছে কি না, তা নিশ্চিত হয়েই ট্রেন চলাচল শুরু করা হবে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
টঙ্গীতে অটোরিকশা থামিয়ে নারীর ওপর হামলা, দুই ছিনতাইকারী গ্রেপ্তার
ফটিকছড়িতে বন্যা দুর্গত মানুষের পাশে সেনাবাহিনী
ফরিদপুরে ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ