অন্ধকারেও দাবা খেলতে জানে ইরান: বাঘাই

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

ইরানের সঙ্গে সম্পর্ককে দাবার খেলার সঙ্গে তুলনা করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরানিরা প্রমাণ করেছে, তারা পেশাদার দাবাড়ু।

বাঘাই বলেন, আলো জ্বলুক কিংবা নিভে যাক, ইরানিরা দেখিয়েছে, তারা পেশাদার দাবা খেলোয়াড়। ট্রাম্পের সাম্প্রতিক দাবার উপমার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এর আগে ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেছিলেন, তিনি আপাতত সামরিক পদক্ষেপের বদলে অর্থনৈতিক চাপকে সময় দিতে চান। তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা পুরোপুরি এগোচ্ছে না বলেও ইঙ্গিত দেন তিনি। ইরানের উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করে ট্রাম্প পরিস্থিতিকে দাবার খেলার সঙ্গে তুলনা করেন।

তবে বাঘাইয়ের বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালি নিয়ে তেহরান এখনো নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকা এবং ওয়াশিংটনের অন্যান্য লঙ্ঘন চলতে থাকলে হরমুজ প্রণালিকে নিরাপদ নৌপথ হিসেবে বিবেচনা করার প্রয়োজনীয় শর্ত তৈরি হবে না।

এর আগে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত দিয়েছিল ইরান। তেহরানের অবস্থান অনুযায়ী, প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটি আগের অবস্থায় ফিরবে না।

বাঘাইয়ের বক্তব্যে একই সঙ্গে ইরানের কূটনৈতিক অবস্থানও স্পষ্ট হয়েছে, ওয়াশিংটনের চাপের মুখে তেহরান নিজেদের কৌশলগত অবস্থান পরিবর্তনের বদলে আলোচনার টেবিলে নিজেদের শর্ত ও স্বার্থকে গুরুত্ব দিতে চাইছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

AS
আরও পড়ুন