ছেলেকে বাঁচিয়ে নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় ছেলেকে বাঁচিয়ে নিখোঁজ বাবা সালামের (২৮) মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সালাম লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গত রোরবার সালাম মাইনী বাজার থেকে ছেলেকে সঙ্গে নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানিতে তীব্র ঢেউ ওঠে। এক পর্যায়ে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে যাওয়ার পর সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন সালাম। এ সময় দূর থেকে একটি ট্রলার এগিয়ে এসে তার হাত থেকে শিশুটিকে উদ্ধার করে। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে উদ্ধারের আগেই তিনি পানিতে তলিয়ে যান। পরে খবর পেয়ে লংগদু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আজ সোমবার (১৭ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে।

লংগদু ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাব-অফিসার) মো. হেলাল উদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ সালামকে উদ্ধারের অভিযান চালায়। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

MU
আরও পড়ুন