গরুচুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা 

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গরু চুরির অভিযোগে কাজল মিয়া (৪৬) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের  ফরিদ মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল রোববার (১৬ আগস্ট) রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে ঢুকে কাজল মিয়া। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে এলাকায় চুর ঢুকেছে বলে  ঘোষণা দেওয়া হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়াকে গরুসহ আটক করেন।

এ সময় স্থানীয় লোকজন তাঁকে এলোপাতাড়ি পিটাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

MCH
আরও পড়ুন