‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ এ অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর মেধা, যোগ্যতা কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করে না। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশ হওয়ার কোনো কারণ নেই। বরং কোথায় ঘাটতি ছিল, তা চিহ্নিত করে নতুন লক্ষ্য নির্ধারণ এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।
বক্তারা বলেন, জীবনে সফল হওয়ার পথে ব্যর্থতা ও প্রত্যাশার চেয়ে কম ফলাফল আসতেই পারে। তাই ফলাফলকে জীবনের শেষ অধ্যায় হিসেবে না দেখে নতুন করে শুরু করার সুযোগ হিসেবে নিতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে।
সমাবেশে শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত ফল অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর ফলাফলকেন্দ্রিক অতিরিক্ত চাপ না দিয়ে তাদের পাশে দাঁড়াতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, একটি খারাপ ফলাফল নিয়ে শিক্ষার্থীকে হতাশ বা অন্যের সঙ্গে তুলনা না করে তার সম্ভাবনা ও আগ্রহকে গুরুত্ব দিতে হবে। পরিবারের উৎসাহ এবং শিক্ষকদের ইতিবাচক সহযোগিতা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা, ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এবং জেলা শিক্ষা কর্মকর্তা সাহাদত হোসেন।
এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার পর কীভাবে নতুনভাবে প্রস্তুতি নেওয়া যায়, সে বিষয়ে পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সাগরে বৈরী আবহাওয়ায় ইলিশের দাম আকাশ ছোঁয়া
কাঁঠালের তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : যুগ্ম সচিব
লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটক ৪