ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০৫ মিটার অবৈধ ৩/৪ ইঞ্চি এমএস পাইপ উচ্ছেদ, ৩৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৯০০ মিটার অবৈধ পাইপলাইনের নেটওয়ার্ক অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী সদর উপজেলার বিহাইর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় সঙ্গে ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালাচ্ছে বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিহাইর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত