প্রায় ১৪ বছর পর আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচন ঘিরে ইতোমধ্যে সরব হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহর। সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে প্রথম দিনেই মনোনয়নপত্র নিয়েছেন ৪০ জন। পরদিন বৃহস্পতিবার আরও নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণাও শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন ও সরাসরি ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। ফলে দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ-উৎসাহ।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং পাঁচটি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে সদস্য পদে সর্বোচ্চ ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং সেক্রেটারি পদে আটজন মনোনয়নপত্র নিয়েছেন।
দুই দিনব্যাপী মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪০ জন এবং বৃহস্পতিবার একই সময়ে আরও নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ ২৮ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৯ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ আগস্ট মনোনয়নপত্র নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৩১ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সদস্য সচিব ও ইউনিট অফিসার বৃন্দাবন চন্দ্র মণ্ডল জানান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে মনোনয়নপত্রের মূল্য ৬ হাজার টাকা করে এবং সদস্য পদে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে যারা:
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আসাদুজ্জামান শাহীন, মো. আমির হোসেন ফারুক, এ বি এম মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহম্মেদ।
সেক্রেটারি পদে যারা:
সেক্রেটারি পদে মনোনয়নপত্র নিয়েছেন কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূইয়া, আরমান উদ্দিন পলাশ, মো. মিজানুর রহমান, মো. হারুনুর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান খান জুয়েল ও মো. শাহ ওয়াসিম পারভেজ।
সদস্য পদে যারা:
সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আলআমিন, এ এইচ এম শাহীন আহম্মেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সহিদুল ইসলাম (অপু), শাহ আলম পালোয়ান, কাজী সাখওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আবদুল্লাহ আল মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়েদ হোসেন, মো. কামরুল হক, মাজহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান, মো. অলিউর রহমান, আল আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আবদুল লতিফ লিটন, আবুল কাশেম, মো. আবুল বাসার ও মোহাম্মদ আফজালুর রহমান রিপন।
ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১২ সালে ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এ বি এম তৈমুর এবং সাধারণ সম্পাদক হন আহসান হাবিব। ২০১৪ সাল পর্যন্ত ওই কমিটি কার্যক্রম পরিচালনা করে। এরপর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে ইউনিটের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
দীর্ঘ বিরতির পর এবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ইউনিটের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রার্থীরাও নিজেদের অবস্থান তুলে ধরতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।
এবারের নির্বাচনে আজীবন সদস্য ভোটার রয়েছেন ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ভোটার ১ হাজার ১৭৯ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন।
রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
হোটেল বারে কথা-কাটাকাটির পর সংঘর্ষে দুই যুবক নিহত
ডিবির পৃথক অভিযানে বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩