হাসপাতালে দালালের হামলায় ৩ আনসার আহত, আটক ১

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৫ এএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালাল সদস্যের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ও আনসাররা দালাল সদস্য আক্তার হোসেনকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে।

আটক দালাল আক্তার দেবীদ্বার পৌরসভার ওমান কাশেম বাড়ির রুহুল আমিনের ছেলে।

আহত আনসার সদস্যরা হলেন- মো. হান্নান মিয়া, দেলোয়ার হোসেন ও শাহাবুদ্দিন। তারা সবাই দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে কর্মরত।

আহত আনসার সদস্য দেলোয়ার হোসেন বলেন, আক্তার হোসেন নামের এক চিহ্নিত সক্রিয় দালাল হাসপাতালে প্রবেশ করেন। তাকে জিজ্ঞেস করি, আপনি কেন এখানে এসেছেন, এতেই তিনি রেগে পকেট থেকে সিজার ব্লেড বের করে আঘাত করতে আসেন। পরে আমার সহকর্মীরা সাহায্য এগিয়ে আসলে এলোপাতাড়ি তাদেরকেও মারধর শুরু করেন। পরে আমাদের অন্য সহকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) কবির হোসেন বলেন, বিভিন্ন সময়ে সাজাপ্রাপ্ত আক্তার হোসেন নামের চিহ্নিত এক দালাল সদস্য হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের উপর হামলা করেন। পরে তাকে আটক করা হয়, পুলিশ এসে আটক করে থানায় নিয়ে গেছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক দালাল সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমইউ
আরও পড়ুন