শেষ কর্মদিবসে শিক্ষকের সংবর্ধনা রূপ নিলো ‘শোকসভায়’

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

বিদ্যালয়ে ছিল প্রধান শিক্ষকের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে হাসি-আনন্দে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের কয়েক ঘণ্টা আগেই বিদ্যালয়ে পৌঁছায় প্রধান শিক্ষক তপন কুমার সাহার মরদেহ। যে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা ছিল, সেখান থেকেই নিতে হলো তার শেষ বিদায়।

হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক তপন কুমার সাহা সোমবার (৩১ আগস্ট) তার কর্মজীবনের শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সহকর্মী শিক্ষিকা তানজিলা আক্তার জানান, সোমবার দুপুরে তপন কুমার সাহাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ক্রেস্ট দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ভোররাতে তার মৃত্যুর খবর পেয়ে আনন্দের আয়োজন মুহূর্তেই পরিণত হয় শোকে।

আরেক সহকর্মী শিক্ষিকা লিমা আক্তার জানান, রাত আনুমানিক ৩টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী,শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন বলেন, আজ (সোমবার) স্যারকে বিদ্যালয় থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। আমিও সেখানে অতিথি ছিলাম। কিন্তু স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় না দিয়ে আজ চিরবিদায় দিতে হলো। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা ব্যথিত ও ভারাক্রান্ত।

তপন কুমার সাহার মৃত্যুতে রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। যে দিনটি হওয়ার কথা ছিল দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে একজন শিক্ষকের আনন্দঘন বিদায়ের দিন, সেই দিনটিই হয়ে উঠল তাঁর জীবনের শেষ দিন এবং সহকর্মী-শিক্ষার্থীদের জন্য এক বেদনাবিধুর স্মৃতি।

AHA
আরও পড়ুন