উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ সময় একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়ার বালুখালী সীমান্তসংলগ্ন ফাইসা খাল ও নারিকেলবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বালুখালী বিএসপি পোস্টের দক্ষিণ পাশে ফাইসা খাল এলাকায় মিয়ানমার থেকে নৌকাযোগে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

টহল দলের সদস্যরা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশি করে এর নিচে একটি বাক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এরপর রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিজিবি সদস্য ও পুলিশের একটি যৌথ দল নারিকেলবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন