ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ফেনীর ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালক রয়েছে বলে বাস যাত্রীরা জানায়। তবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। চালক ও হেলপার গাড়িটি নিরাপদ স্থানে নেওয়ার জন্য একটি লং ভেহিক্যাল এনে কাভার্ডভ্যানে রশি লাগানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা হতাহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে। আহত অবস্থায় বাকি ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও ইউনিক পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
'এখানে আমাকে নির্যাতন করা হয়', কুয়েত থেকে নারীর আর্তনাদ
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল ভিসা সীমিত করলো মালয়েশিয়া