কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলার পাওয়ার হাউজসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনে একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম পানখালী এলাকার শামসুল আলমের ছেলে আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং একই এলাকার জাফরুল ইসলামের ছেলে সায়মুন সরোয়ার (১৬)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি গলিতে শহিদুল্লাহর নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আশিক মোমেন মেহেদীর দখলে থাকা বসতঘরের একটি কাঠের বক্স খাটে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।

উদ্ধার হওয়া ৯০ হাজার ইয়াবার মধ্যে আটটি প্যাকেটে ছিল ৮০ হাজার এবং আরও পাঁচটি প্যাকেটে ছিল ১০ হাজার ট্যাবলেট। সব মিলিয়ে ইয়াবাগুলোর ওজন ৮ কেজি ৩৭০ গ্রাম।

অভিযানকালে মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকাও উদ্ধার করা হয়। এর মধ্যে ১ হাজার টাকার ২ হাজার ৪৭৭টি, ৫০০ টাকার ১ হাজার ৮০৭টি, ২০০ টাকার ৪০০টি, ১০০ টাকার ৫০০টি এবং ৫০ টাকার ২০৬টি নোট রয়েছে।

এ ছাড়া গ্রেপ্তার তিনজনের ব্যবহৃত তিনটি মুঠোফোন, ইয়াবার প্যাকেটের মতো দেখতে তিনটি খালি প্যাকেট, একটি তালা ও তিনটি চাবি জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত