চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে জংশনে শিশুকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন ওরফে মিন্টু নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ার ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিশিয়ান বলে জানা গেছে। ঘটনার সময় রেললাইনের পাশের একটি ভবনে কাজ করছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর রাহাত (১০) নামের ওই শিশুটি অসাবধানতাবশত রেললাইনে উঠে হাঁটছিল। ওই সময়ে তার দিকে দ্রুতগতিতে একটি ট্রেন ছুটে আসছিল। পরে বিষয়টি দেখতে পেয়ে দেলোয়ার রেললাইনে ঝাঁপ দিয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে ওই সময় চট্টগ্রাম থেকে ছুটে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেলোয়ারের মৃত্যু হয়।
এদিকে নিজের জীবন দিয়ে দেলোয়ার শিশুটিকে প্রাণে রক্ষা করলেও ঘটনার সময় শিশু রাহাতের একটি হাত ও একটি পা ট্রেনে কাটা পড়ে। সে নগরের ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে একই সময়ে আরেক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আবদুর রহমান (৩০) নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকেও একই হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, আহতদের মধ্যে শিশুটিকে হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে এবং আবদুর রহমান নামের ওই ব্যক্তিকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন দে বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ইতোমধ্যে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশুকে বাঁচাতে গিয়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
আবারও ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা
পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি: পানিসম্পদমন্ত্রী
পাবনায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু