কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে দুই পাচারকারী পালিয়ে যায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার পালংখালী সীমান্তের রিজভীর ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রিজভীর ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি হাতে থাকা দুটি পলিব্যাগ ঘেরের কাছে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে পলিব্যাগ দুটি উদ্ধার করেন।
বিজিবি জানায়, পলিব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে এক লাখ ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সিংড়ায় আত্রাই নদীতে সৌতি জাল দিয়ে বাঁধ, ব্যাহত নৌ চলাচল
‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী’, তিনিই গুমের নির্দেশদাতা: স্পিকার