সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৫

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য জড়ো করে রাখা নারীসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়। সেখানে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে একদল নারী-পুরুষকে জড়ো করে রাখার বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে চকরিয়া ও নরসিংদী জেলার বাসিন্দা রয়েছেন।

পুলিশের ভাষ্য, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকাগুলোকে ব্যবহার করে সমুদ্রপথে মালয়েশিয়ায় লোক পাঠানোর চেষ্টা করে আসছে। উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এমইউ
আরও পড়ুন