চট্টগ্রামের কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথে ডুবেছে বালুবাহী বাল্কহেড ‘অনিমা সায়মা ২’।
পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও গুপ্তা বাঁকের মাঝখানে ডুবে যাওয়া বাল্কহেডের ওপর লাল বয়া স্থাপন করেছে বন্দর কর্তৃপক্ষ, যাতে নিরাপদে বাণিজ্যিক জাহাজ বন্দরে আসা-যাওয়া করতে পারে।
সূত্র জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় বন্দর জেটি ছেড়ে যাওয়া ‘এমভি জিয়ানিনা-২’ নামের কনটেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দরের কাণ্ডারী ১ জাহাজ ৩ নাবিককে উদ্ধার করে ।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ডুবন্ত বাল্কহেড উদ্ধারে লিফটিং ভ্যাসেল বিএলভি আলী, চ্যানেল টাগ ও জরিপ জাহাজ ‘জরিপ ৯’ সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তাই জরুরি ভিত্তিতে বাল্কহেডের মালিককে সেলভেজ করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পোর্ট অ্যাক্ট ১৯০৮, ধারা ৩৩. ৪৩. চবক আইনের ধারা ১০ (জ), ১০ (ম), ১১ (গ), ২১ এবং সেলভেজ কনভেনশান ১৯৮৯ এর ধারা ৮, ১২ ও ২০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হয়নি। আজ বন্দর জেটিতে ১২টি জাহাজ নিরাপদে আসা-যাওয়া করেছে।