কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর গ্রামে কফিলউদ্দিন শাহ মাজারে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে এ মামলা করেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক যুবক তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বহু মানুষ থানার সামনে জড়ো হয়ে অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ জনতা আছাদপুর গ্রামের কফিলউদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন লাগায় এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর পরই কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। যারা আইন হাতে তুলে নিয়ে মাজারে হামলা চালিয়েছে, তাদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শুক্রবার সকালে সরেজমিনে আছাদপুর গ্রামে গিয়ে দেখা যায়, আতঙ্কে এলাকা অনেকটাই পুরুষশূন্য। আগুনে ক্ষতিগ্রস্ত মাজারের সামনে দাঁড়িয়ে অভিযুক্ত যুবকের মা বলেন, ছেলেকে তো পুলিশের হাতে তুলে দিলাম। তারপরও কেন আমাদের মাজার ও বাড়িতে আগুন দেওয়া হলো? পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারলো না। টাকা, স্বর্ণালংকার সব হারিয়ে গেছি। শুধু প্রাণটা নিয়ে বের হতে পেরেছি।
মাজার ভাঙা, লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশিকে হস্তান্তর