গোলাম পরওয়ারের অভিযোগ

‘৫০টির বেশি আসনে জামায়াতকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ‘দেশের সাম্প্রতিক নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিলেও ভোট গণনা, রেজাল্ট তৈরি ও ঘোষণার প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তার দাবি, অনেক সংসদীয় আসনে জামায়াত এক থেকে দেড় হাজার থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছে, এবং এ ধরনের আসনের সংখ্যা ৫০টিরও বেশি।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের অনিয়মের বিষয় নিয়ে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে অভিযোগ জানানো হবে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত সবসময় নিয়মতান্ত্রিক, রাজনৈতিক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। তিনি স্পষ্ট করেন, সহিংসতা বা চরমপন্থা ইসলামী পথের অংশ নয়। ভোটপ্রক্রিয়ার সময় জনগণের গণজোয়ার ও নির্বাচনী প্রস্তুতিকে অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ, মিডিয়া এবং রাজনৈতিক শত্রুরাও এই জনস্রোত দেখে বিস্মিত হয়েছিল।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও নির্বাচনী ফলাফল প্রসঙ্গে পক্ষান্তরে ষড়যন্ত্রমূলকভাবে মিডিয়ায় ফলাফল প্রকাশ বন্ধ করা হয়েছিল। তবে আগামীদিনেও জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে এবং গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক রাজনীতি অনুসরণ করে সরকার ও জনগণের পাশে কাজ করবে।

শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিশের সদস্য ও মহানগর জামায়াতে আমির ড. মাওলানা কামরুল আহসান এমরুল সভাপতিত্বে ছিলেন। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জেলা জামায়াতে আমির আব্দুল করিম উপস্থিত ছিলেন। মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সম্মেলনে অংশ নেন।

AS
আরও পড়ুন