গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া দিঘির পাড় ঈদগাহ মাঠ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার ( ১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক এক ব্যক্তিকে ছিনতাইয়ের চেষ্টা করলে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে শান্ত ও বিপ্লব নামের দুজন পালিয়ে যান। স্থানীয়দের দাবি, তাঁদের বাড়ি এরশাদনগর ৪ নম্বর ব্লক এলাকায়। শান্ত সজল মিয়ার ছেলে বলে জানা গেছে।
এদিকে স্থানীয়রা ধাওয়া করে সৈকত নামের এক যুবককে আটক করেন। তাঁর বাড়ি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বলে জানা গেছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, আটক সৈকতের কাছ থেকে একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
টঙ্গী পূর্ব থানার ৪৯ নম্বর বিটের ইনচার্জ মুন্নাফ হোসেন বলেন, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক যুবককে স্থানীয় লোকজন পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু