গাজীপুরে অটো গ্রীন অয়েল কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত অটো গ্রীন অয়েল কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে কারখানার বয়লার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ম. সবুজ মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম ঘটনাস্থলে থেকে আগুন নির্বাপণ কার্যক্রম তদারকি করছেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, কলেজ গেট এলাকায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের একটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই কারখানাটি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে পরিচালিত হওয়ার সময় বয়লার বিস্ফোরণের ঘটনায় ৬ জন শ্রমিক নিহত হন। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয়। বর্তমানে কারখানাটিতে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করা হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

MCH
আরও পড়ুন