টঙ্গীতে জাল নোটসহ প্রেপ্তার ২

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ৫১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
 
শনিবার (২০ জুন)পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার একটি দল দক্ষিণ আরিচপুর এলাকার আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ আরিচপুর এলাকার শাহিন আলম (৪৫) ও সোহেল (২৪)।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে বিভিন্ন মূল্যমানের ৫১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জাল নোট বহন ও ব্যবহারের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জাল নোটের উৎস এবং এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
MCH/AHA
আরও পড়ুন