মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় এক আসামির উপস্থিতিতে দুইজনকে মৃত্যুদণ্ড ও পৃথক আরেকটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি।

মামলার সূত্রে জানা যায়, সিংগাইরের ফোর্ডনগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনা মহামারির সময় পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে পরিবারকে সহযোগিতা করতেন। ২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে খাসেরচর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হ্যালোবাইক ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি। ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিন জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের এ রায় দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী আ.ফ.ম নূরতাজ আলম বাহার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন বলেন, আদালতের মাধ্যমে বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত