গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সম্প্রতি জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাদের বাড়িতে ককটেল হামলার ঘটনাও ঘটেছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মূল্যবান মালামাল সরিয়ে নিয়ে পেট্রোল ঢেলে টিনশেড বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ। আগুনে চারটি কক্ষের আসবাবপত্র ও গৃহস্থালির প্রায় সব জিনিসপত্র পুড়ে যায়।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শারমিন সুলতানা বলেন, তার বাবা-মা ওমরাহ শেষে বুধবার দেশে ফিরছিলেন। এ কারণে মঙ্গলবার তিনি বাবার বাড়িতে ছিলেন। সেই সুযোগে বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তার দাবি। তিনি বলেন, "বাড়িতে ফিরে দেখি সব পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।"
পরিবারের দাবি, জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজন আত্মীয় দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, অগ্নিসংযোগের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ
জলবায়ু পরিবর্তন ও খাদ্যসংকটে ভুগছে সুন্দরবনের বাঘ
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ যশোরে গ্রেপ্তার ৫