সাভারের বনগাঁও ইউনিয়নের একটি মাঠে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রেসার কুকার সদৃশ একটি বস্তু ও একটি ড্রাম পড়ে থাকাকে কেন্দ্র করে এলাকায় বোমা আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
সন্দেহজনক বস্তুটি পরীক্ষা ও উদ্ধারের জন্য ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে ড্রামটির ভেতরে একটি কোরআন শরিফ, কিছু জামাকাপড় এবং স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ একটি বস্তু দেখতে পান তারা।
সন্দেহজনক বস্তুটির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় নেয়। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ওই এলাকায় ড্রামটি রেখে গেছেন বলে জানা গেছে।
ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করবে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রেসার কুকার সদৃশ বস্তুটি সত্যিই বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা ডিসপোজাল ইউনিটের পরীক্ষা ও পরবর্তী কার্যক্রমের পরই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
সাতক্ষীরায় জামায়াতের ২ এমপির সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়
সেতুর সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামবাসী