গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:০২ এএম

গাজীপুরে পৃথক চারটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার কালিয়াকৈর, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ট্রেনে কাটা পড়ে শাকিল (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার টেকিপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে শাকিলের মৃত্যু হয়। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সিআইডির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির ডাম্প ট্রাকের চাপায় তারাবানু (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আাগস্ট) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারাবানু বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী। আহতরা হলেন- একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) ও নুরুল ইসলাম (৩২)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন।

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ চন্দ্র (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত পলাশ চন্দ্র দিনাজপুর জেলার কাহারুল উপজেলার খণ্ডা গ্রামের সূর্যকান্তের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন।

বুধবার শেষ রাতে দিনের কাজ শেষে গোসল করে পলাশ উঠানে কাপড় শুকানোর তারে ভেজা কাপড় মেলতে যান। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা ওই তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় বিমান বাহিনী ঘাঁটির ইউ-টার্নে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী শিমুল আকন্দ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সদর উপজেলার পিরুজালী আকন্দপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেলের চালক হায়দার আলী (২৪) আহত হয়েছেন। তিনি সদর উপজেলার মির্জাপুর এলাকার তালতলী গ্রামের মুজিবুর রহমানের ছেলে। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

MU
আরও পড়ুন