দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, জনগণের দল বিএনপিকে ষড়যন্ত্র করে সহজে পিছু হটানো যাবে না। জনগণ ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তারা শেষ পর্যন্ত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণই তাদের জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কোনো অপশক্তি বা ফ্যাসিস্ট শক্তি যাতে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একদিকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে, অন্যদিকে দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে জনগণের উন্নয়নে কাজ করে যেতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিয়াশলাই কাঠি ও রেশমি সুতায় সাজছে সাতক্ষীরার দুর্গা প্রতিমা
স্বামীর মৃত্যুর ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রেপ্তার