সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বিশাল আকৃতির দুটি ‘সেইল ফিশ’। স্থানীয়দের কাছে ‘গোলপাতা মাছ’ হিসেবে পরিচিত এই মাছ দুটির প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় তিন মণ।
শনিবার (৭ মার্চ) সকালে মোংলা প্রধান মাছ বাজারের ‘রাইজিং ফিশ’ আড়তে মাছ দুটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়। গভীর সমুদ্রের দ্রুতগামী এই মাছ সচরাচর বাজারে দেখা যায় না বলে জনমনে বেশ কৌতূহল তৈরি হয়।
মাছ ব্যবসায়ী রমজান মিঞা জানান, আড়তে প্রকাশ্য ডাকের মাধ্যমে তিনি মাছ দুটি মোট ২৪ হাজার টাকায় কিনেছেন। বর্তমানে বাজারে মাছগুলো কেটে ৫০০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করা হচ্ছে। সুস্বাদু ও পর্যাপ্ত মাংসল হওয়ায় স্থানীয় ক্রেতাদের মাঝে এই বিরল মাছটির ব্যাপক চাহিদা দেখা গেছে।
মোংলা বাজারের মাছ ক্রেতা এমরান শেখ বলেন, ‘আমি এর আগে কখনও এত বড় গোলপাতা মাছ দেখিনি। লোকমুখে শুনে এটি একনজর দেখতে বাজারে এসেছি।’
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মাছটির বৈজ্ঞানিক নাম ‘সেইল ফিশ’। এর পিঠের দিকের পাখনা দেখতে অনেকটা সুন্দরবনের গোলপাতার মতো চ্যাপ্টা বা বড় হওয়ার কারণে স্থানীয় জেলেরা একে ‘গোলপাতা মাছ’ বলে ডাকেন। এটি মূলত গভীর সমুদ্রের মাছ এবং অত্যন্ত দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। মাঝেমধ্যে দিক হারিয়ে উপকূলের কাছাকাছি চলে এলে এগুলো জেলেদের জালে ধরা পড়ে।
চট্টগ্রাম বিমানবন্দরে আজও ১২ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
