ঝিনাইদহ শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় তিন কর্মীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে আটক তিনজনকে ঝিনাইদহের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। বিষয়টি পুলিশের নজরে এলে দুপুরে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশের বিভিন্ন ইউনিট। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিককে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে| বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নামে মামলা করা হয়েছে| আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে| অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে|’
আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে আগুন