ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে শকের বানু (৫০) নামে এক নারী খুন হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইখলাস (৩৫)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত শকের বানু শ্যামকুড় গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, ইখলাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই তার মায়ের কাছে টাকা দাবি করতেন। বৃহস্পতিবার রাতে ইখলাস তার মায়ের কাছে টাকা চান। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোরের দিকে ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
পরে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গিয়ে শকের বানুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, অভিযুক্ত ইখলাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁয়ে দৌড়বিদের মৃত্যু
বরগুনায় চাহিদা ৫৭ মেগাওয়াট সরবরাহ ২৪ মেগাওয়াট