বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ ও উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি। সম্পর্কে আমজেদ গাজীর ফুফু হয় আছিরন বিবি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী যাত্রীবাহী গড়াই পরিবহন বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুজন আরোহী আহত হন। এ সময় মোটরসাইকেলটি বাসের সামনে ইঞ্জিনের পাশে আটকে গেলে চালক ও সহকারীরা বাস ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুজন (পুরুষ ও নারী) আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক ও সহকারীদের আটকে পুলিশের অভিযান চলছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এমইউ
আরও পড়ুন