চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এ জন্য ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফর শেষে দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বছর ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়। এতে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।
পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী