সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে সামারি ট্রায়ালের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে জেলার আদালতগুলোতে বিচারক, জনবল ও অবকাঠামোগত সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, সাতক্ষীরার বিচার বিভাগের স্থানীয় বিভিন্ন সমস্যা ও সেগুলো সমাধানের সম্ভাব্য পথ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের দেওয়া সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আইনমন্ত্রী। জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিচার বিভাগের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
সভায় সাতক্ষীরাকে সীমান্ত জেলা হিসেবে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ জন্য সামারি ট্রায়ালের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।
বিচারপ্রার্থীদের দ্রুত বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বিচারকদের কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, লিগ্যাল এইডকে আরও জনবান্ধব করতে হবে। পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা বাড়িয়ে মামলা জট কমাতে হবে।
বিচারকদের উদ্দেশে তিনি বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দও দেওয়া হবে।
আইনমন্ত্রী জানান, সাতক্ষীরায় নতুন করে ২৩টি আদালত সৃজন করা হয়েছে। এসব আদালতে দ্রুত বিচারক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন আইনমন্ত্রী। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। জেলা জামায়াতের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। তারা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন।
এ ছাড়া বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আরও একটি দলীয় সভায় আইনমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
পেটের দায়ে লোনা পানিতে জীবন-জীবিকা, স্বাস্থ্যঝুঁকিতে সুন্দরবন উপকূলের লাখো নারী
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরলো লিবিয়াপ্রবাসীর মরদেহ
গোয়ালঘরেই সোহেলের সংসার, পাশে দাঁড়ালেন ইউএনও