মহেশপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ও ভুয়া কাগজপত্রসহ মো. সাইফুল ইসলাম রায়হান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি বাজাজ ডিসকভার-১৩৫ সিসি মোটরসাইকেল ও একটি ভুয়া রেজিস্ট্রেশন সনদপত্র উদ্ধার করা হয়।

মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মহেশপুর থানার এসআই (নিঃ) বি এম মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের সেলিমের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ সাইফুল ইসলাম রায়হানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম রায়হান মহেশপুর উপজেলার ভালাইপুর সর্দারপাড়া এলাকার মৃত ওহিদুল সর্দারের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বাজাজ কোম্পানির লাল-কালো রঙের পুরোনো ডিসকভার-১৩৫ মডেলের। মোটরসাইকেলটির কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই এবং এর ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট ও ঘষামাজা করা অবস্থায় রয়েছে। এর আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মোটরসাইকেলটির সঙ্গে ‘যশোর ল-১১-৮৫০১’ নম্বরের একটি ভুয়া রেজিস্ট্রেশন সনদপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

এ ঘটনায় মহেশপুর থানায় পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪১৩/৩৪ ধারায় মামলা হয়েছে। মামলাটি ১৪ সেপ্টেম্বর দায়ের করা হয়, যার নম্বর ২১।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম.সি.এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত