বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে সম্মাননা স্মারক হিসেবে একটি ‘সোনার চাবি’ উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বন্দর এলাকায় অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী প্রধান অতিথির হাতে এই প্রতীকী চাবিটি তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-দক্ষিণাঞ্চলে জ্বালানি ও শিল্পায়নের বড় সম্ভাবনা রয়েছে, যা সরকার গভীরভাবে উপলব্ধি করছে।
তিনি উল্লেখ করেন, মোংলা বন্দরকে ঘিরে পুরো অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ অবকাঠামো এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাপক গতি আসবে।
বন্দর আধুনিকায়নে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, মোংলা বন্দরে দুটি কনটেইনার বার্থসহ ৩৬৮ মিটার দীর্ঘ জেটি নির্মাণ এবং ৪৯টি বিভিন্ন ক্যাটাগরির আধুনিক সরঞ্জাম সংগ্রহের প্রস্তুতি চলছে।
এছাড়া সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করতে ভাঙ্গা থেকে মোংলা পর্যন্ত সড়কটি দুটি সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার আশ্বাস দেন তিনি। শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রশাসক এস এম শফিকুল আলম মনা এবং মোংলা বন্দর বার্থ শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে সিবিএ নেতা ও মোংলা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
তিন ফ্লাইটে বোমা হুমকি, যুদ্ধবিমানে পাহারা দিলো হাঙ্গেরি