ময়মনসিংহে গভীর রাতে মসজিদে আগুন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি টিনের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতের এই আগুনে মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, ফ্যানসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে স্থানীয়রা মসজিদে আগুন দেখে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই মসজিদের ভেতরের সব আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় কিছু টিন অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় মসজিদে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

DR
আরও পড়ুন