মহিষাসুরা হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত তিন

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোরে মহিষাসুরা হাওরে এই ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন- ওই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিননাথ দাস (৪৫)।

নিহতের স্বজনরা জানান, ওই চারজন মৎস্যজীবী একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে রতন দাস ঘটনাস্থলেই মারা যান। এতে নৌকায় থাকা অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতে জেলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন