কার্ড বিতরণে কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি অনিয়ম করলে শুধু বিভাগীয় শাস্তিই নয়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বার্তা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ১ হাজার ১৭০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়। সরকারি কৃষি সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষককে কার্ড দেওয়া হয়েছে।
কার্ড বিতরণে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। দল, মত, পথের নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং দুর্নীতিমুক্তভাবে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড বিতরণ হবে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা এবং নির্দেশনা।
কার্ড বিতরণে কোনো অনিয়ম হলে তার পরিণতি সম্পর্কে কায়সার কামাল বলেন, যারা এর ব্যত্যয় ঘটাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক অর্থাৎ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা যাওয়ার জন্য নির্দেশনা দিব এবং প্রয়োজনে জনগণ ক্রিমিনাল অফেন্সে তাদের বিরুদ্ধে মামলা করবে।
ফ্যামিলি কার্ড বিতরণে অতীতে কিছু ভুলত্রুটির কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, সেসব সমস্যা চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক কার্ড বিতরণের ক্ষেত্রেও যাতে কোনো অনিয়ম না ঘটে, সে বিষয়ে শুরু থেকেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
অনুষ্ঠানে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হেলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
গাজা এখন ‘আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ঘেটো’: ইউরো-মেড
ভারতের ‘হত্যা’ করা ব্যক্তিকে মিডিয়ার সামনে হাজির করলো পাকিস্তান