শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

শেরপুর সদর উপজেলায় ড্রাম ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় এসএস নামের একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। আহত অটোরিকশাচালক মামুন শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কাঁচামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইমরুল কায়েস ও চালক মামুন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েস মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি আটক করে।

ইমরুলের সহকর্মীরা জানান, এক সপ্তাহ আগে তিনি এসএস এনজিওতে যোগ দিয়েছিলেন। রোববার সকালে মধুপুরের বাড়ি থেকে কর্মস্থল নালিতাবাড়ীর তিনানীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত