নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ ৪ দিন পর উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ চার দিন পর নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোরের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে তার ক্যামেরাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

 

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

 

পুলিশ সুপার শরীফুল হক জানান, গত ৮ তারিখ ঘটনার দিন নাটোর শহরের কাপুড়িয়াপট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে একটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগটি নিয়ে তিনি নওগাঁয় চলে যান। সেখানে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পেয়ে তার ছেলের সাথে কথা বলেন তিনি। পরে গণমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর প্রকাশিত হলে তার ছেলে অমল কুমার সাহাকে বিষয়টি জানান।

 

এরপর রোববার রাতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ কাপুড়িয়াপট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

উদ্ধারের বিষয়টি জার্মান পর্যটক ক্রিল লেন্ডারকে জানানো হয়েছে। ল্যাপটপটি ফিরে পাওয়ার খবরে তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

 

উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন জার্মান নাগরিক ক্রিল লেন্ডার উবার। তিনি বগুড়া থেকে স্থানীয় ট্রেনে সান্তাহার আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান। নাটোর থেকে অন্য একটি ট্রেনে চড়ে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। 

 

এ জন্য তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় এক যুবক কৌশলে তাঁর ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে বুধবার রাতে তিনি নাটোর সদর থানায় অভিযোগ করেন।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত