সিরাজগঞ্জের দুইটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়নে পেয়ে মামা ও ভাগ্নে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন। তাদের বিজয়ে পরিবারে ও সংসদীয় আসনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তৃতীয়বারের মতো এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জাতীয় পার্টি সরকারের উপ-প্রধানমন্ত্রী প্রয়াত ড. এম এ মতিনের ছেলে ডা. এম এ মুহিত জয়লাভ করেছেন।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ) আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ২৬ হাজার ১৪১টি।
অন্যদিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী এম. এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬টি।

