বগুড়ায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রকে হত্যা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবর হোসেনের ছেলে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বুড়ইল গ্রামের শামিম নামের এক ব্যক্তির সঙ্গে প্রতিবেশি নবীর শেখের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাইরে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০-১৫ জন দুর্বৃত্ত নিয়ে ঘটনাস্থলে আসে এবং অতর্কিতে মিলনের ওপর হামলা চালায়। তারা মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মিলনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি নিয়ে নিবিড়ভাবে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো সম্ভব হবে।’

DR
আরও পড়ুন