মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন, জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে রওনা দেন। আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে। বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন প্রবাসী সংগঠনের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি তাওহীদুল ইসলাম বলেন, কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের অকাল মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, স্থানীয় প্রবাসী সংগঠন এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মরদেহ দ্রুত দেশে এনে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে ঝিনাইদহ পুলিশ সুপারের মতবিনিময়
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যুর অভিযোগ
নড়াইলে আবাবিল সমাজকল্যাণের টিউবওয়েল পেয়ে খুশি অসহায় পরিবার