জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বাইসাইকেলের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির আওতায় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে সেলাই মেশিন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে একদিকে নারীরা সেলাই কাজের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন, অন্যদিকে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা সহজে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সেলাই মেশিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং বাইসাইকেল শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, একাডেমি সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জীবিকা নির্বাহ ও শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মসজিদে ভাগনের ঝুলন্ত মরদেহ দেখে মামার মৃত্যু
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ