নাটোরের বড়াইগ্রামে মাদকাসক্ত চার যুবককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে নিজের মাদকাসক্ত ছেলেকে নেশা থেকে ফেরাতে আদালতের কাছে এক বছরের কারাদণ্ড চেয়েছিলেন এক বাবা। তবে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
সোমবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার যুবককে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিবপুরের আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দার জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়া এলাকার জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)।
সোহানের বাবা আব্দুল আলীম বলেন, মাদকের টাকা জোগাড় করতে তার ছেলে ভ্যানের ব্যাটারি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। ঘরের হাঁড়ি-পাতিলসহ হাতের কাছে বিক্রি করা যায় এমন জিনিসপত্রও সে নিয়ে বিক্রি করে নেশা করত। নেশা করতে বাধা দিলে বাবা-মাকে মারধরও করত।
ছেলেকে মাদকাসক্তি থেকে ফেরাতে এবং তার নির্যাতন থেকে মুক্তি পেতে ভ্রাম্যমাণ আদালতের কাছে এক বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন বলে জানান আব্দুল আলীম। তবে তার ছয় মাসের সাজা হয়েছে। একই সঙ্গে তিনি এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়ার দাবি জানান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী চারজনের মধ্যে একজনকে ছয় মাস, একজনকে তিন মাস এবং অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভুয়া পরিচয়ে প্রেমের ফাঁদ, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গুলি করে পথরোধ, পরে কুপিয়ে বিএনপি নেতাকে হত্যা