নাটোরের সিংড়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আত্রাই নদীতে মাছ শিকারের জন্য তৈরি করা তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিনগর এলাকায় দুটি এবং বিলদহর ভাটোপাড়া এলাকায় একটি কাঠামো অপসারণ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
জানা যায়, আত্রাই নদীতে স্রোতিজাল বসিয়ে মাছ শিকারের জন্য বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছিল। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌযান চলাচল সচল রাখতে অবৈধভাবে স্থাপন করা স্রোতিজালের কাঠামো অপসারণ করা হয়েছে। নদীতে এ ধরনের অবৈধ কাঠামো স্থাপন করে মাছ শিকার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন