জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব ঠেকাতে শসা ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসা ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। সাকিব ওই এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর তাঁর শসা ক্ষেত শিয়ালের উপদ্রব থেকে রক্ষার জন্য ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করে রেখেছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাকিব অসাবধানতাবশত ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরদিন সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতের মধ্যে সাকিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত