দিনাজপুরের হিলি সীমান্তে ভুলবশত ভারতে ঢুকে পড়ার ৭ ঘণ্টা পর রিপন সরকার (২৪) নামে এক বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে তাকে হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে হস্তান্তর করা হয়। ফেরত আসা রিপন সরকার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন জানান, রিপন সরকার মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অসাবধানতাবশত হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। বিষয়টি নজরে এলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
বিজিবি কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি এবং তাকে ফেরত দেওয়ার দাবি জানাই। বিএসএফের কোম্পানি কমান্ডার শুরুতে উপস্থিত না থাকায় কিছুটা দেরি হলেও রাত সাড়ে ৭টায় বৈঠকের মাধ্যমে তাকে আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে আমরা তাকে স্থানীয় থানায় সোপর্দ করেছি।’
হিলি থানা পুলিশ সূত্রে জানা গেছে, আইনি আনুষ্ঠানিকতা শেষে রিপন সরকারকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন তার স্বজনরা।
বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে আটক ১৮
